চাঁদপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত দেড়টার দিকে মেয়েটি (১৬) পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে লাফিয়ে নদীতে পড়ে বলে তার চাচাত ভাই সোহাগ জানিয়েছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মেয়েটির চাচাতো ভাই মো. সোহাগ হাওলাদারকে (২৩) আটক করেছে। সোহাগ সেনাবাহিনীর বগুড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক।
সোহাগ পুলিশকে জানান, শুক্রবার হুলারহাট লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে তিনি ও মেয়েটি এমভি জাহিদ-৪ লঞ্চে ওঠেন। তারা একটি কেবিনে ছিলেন। লঞ্চটি চাঁদপুরের মেঘনার মোহনার কাছাকাছি এলে রাত দেড়টায় মেয়েটি লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে।
তবে কী কারণে ঝাঁপ দিয়েছে তা তিনি জানেন না। লঞ্চটি রাত ২টায় চাঁদপুর লঞ্চঘাটে এসে ভেড়ে বলে জানান।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া বলেন, থানায় এসে রাতেই সোহাগ পুলিশকে বিষয়টি জানান। তার কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তাকে আটক করে মেয়েটির পরিবারকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে শনিবার সন্ধ্যায় মেয়েটির মা থানায় আসেন। তিনি সোহাগের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মেয়েটির মা সাংবাদিকদের বলেন, মেয়ের স্কুল বন্ধ থাকায় তাকে সোহাগের সঙ্গে ঢাকা পাঠানো হয়। সোহাগ বলেছিল, সেনাবাহিনীতে কর্মরত তার এক বন্ধু’র কাছে মেয়েটিকে নিয়ে যাবে। পছন্দ হলে ওই বন্ধু’র সঙ্গে বিয়ে হবে।
তিনি বলেন, লঞ্চের কেবিনে তার মেয়েকে ধর্ষণ শেষে নদীতে ফেলে দিয়েছে সোহাগ।
নিখোঁজ মেয়েটি পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব ইন্দুপুর চৌমহনী বালিকা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী। আটক সেনা সদস্য সোহাগও একই এলাকার টিনু হাওলাদারের ছেলে। তারা চাচাত ভাইবোন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.
bdnews24