২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবার চালান আটকের মামলায় আসামি ৫

গ্রেপ্তার চার জনকে কারাগারে পাঠানো হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে পুলিশের আবেদনের শুনানি হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর আসাদগঞ্জ থেকে নিষিদ্ধ ইয়াবা বড়ির বড় চালান আটকের ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার রাতে র‌্যাব-১ এর উপসহকারী পরিচালক (ডিএডি) এম জাহাঙ্গীর আলম বাদি হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। শুক্রবার ভোরে আসাদগঞ্জের একটি গুদামে বরইয়ের বস্তার ভেতর থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করে র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর সদস্যরা। এখন পর্যন্ত উদ্ধার করা মাদকের এটিই সবচেয়ে বড় চালান বলে দাবি করেছে র‌্যাব। থানার উপপরিদর্শক (এসআই) ওমর হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ও ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা হয়েছে। আসামিরা হলেন- গুদামের মালিক আবদুর রশীদ ওরফে রশীদ আহমেদ ওরফে খুলু, তার শ্যালক আতাউল করিম, কর্মচারী সাব্বির আহমেদ, মোহাম্মদ ইসমাইল ও গুদামের জমির মালিক আব্দুল মালেক চৌধুরী। এর মধ্যে মালেক ছাড়া অন্য সবাই অভিযানের সময়ই গ্রেপ্তার হন। গ্রেপ্তার চার জনকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের হেফাজতে চেয়ে শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম। আসামিদের উপস্থিতিতে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমানের আদালতে শুনানি হয়। এরপর আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রোববার শুনানির দিন রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/এমআই/২০৪০ ঘ.