রংপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার ভাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর আব্দুল খালেক মিয়া (৮১) মারা গেছেন।
শনিবার ভোর সাড়ে ৬টায় পীরগঞ্জের বাজিতপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
বিকালে জানাজা শেষে ফতেপুরে মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে জানিয়েছেন খালেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন বকুল ।
বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তার বাবা।
পীরগঞ্জে ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত খালেক মিয়া ছিলেন ওয়াজেদ মিয়ার বড় ভাই। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেক মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করেন।
স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দল, পীরগঞ্জ প্রেসক্লাব, পীরগঞ্জ কলেজ শিক্ষক সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা খালেক মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24