ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) সব পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হবে ১৮ মে শুক্রবার সকাল সাড়ে ৯টায়।
আর বৃহস্পতিবার বিকালের পরীক্ষাগুলো শুক্রবার দুপুর ২টায় শুরু হবে বলে জানান তিনি।
সুবোধ চন্দ্র ঢালী বলেন, “বিএনপি হরতাল দেওয়ায় পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ দেওয়া হয়েছে।”
১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে এই হরতাল ডেকেছে বিএনপি।
এদিন এইচএসসিতে গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র, অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথম পত্র, সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং সমাজকল্যাণ প্রথম পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে কোনো পরীক্ষা নেই।
এর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি এবং কারিগরি বোর্ডের সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়।
এছাড়া গত ২২ থেকে ২৪ এপ্রিল তিন দিন এবং ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনের পরীক্ষাও একই কারণে পিছিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮২৫ ঘ.
bdnews24