রাজশাহী, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
বুধবার ভোরে উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুরুল হুদা আজমতপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চোরাচালান সামগ্রী নিয়ে ভারত থেকে ফিরছিল দুরুল। সীমান্ত পার হওয়ার সময় ভারতের মালদহ ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের শ্মশানী ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
গুলিবিদ্ধ দুরুলকে প্রথমের রাজশাহীর একটি ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুরুল মারা যান।
তবে নিহতের চাচা মজিবুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা জানান, দুরুলসহ আরো কয়েকজন ১৮১/৩ সীমান্ত পিলার-সংলগ্ন জমিতে ধান কাটতে যায়। এ সময় ভারতের শ্মশানী ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৫০৮ ঘ.
bdnews24