২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ঝড়: দেওয়াল চাপায় মা-মেয়ের মৃত্যু

কালবৈশাখী ঝড়ের সময় দেওয়াল চাপা পড়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

নেত্রকোনা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ের সময় দেওয়াল চাপা পড়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। কয়েকটি গ্রামে সোমবার রাতের এ ঝড়ে শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়, বহু গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। নিহতরা হলেন পাথারকোনা গ্রামের আবুল হোসেনের স্ত্রী আসমা আক্তার (৩৮) এবং মেয়ে মারুফা (১২)। প্রসাশন ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঝড় শুরু হয়ে থেমে থেমে ভোর রাত পর্যন্ত চলে। তবে ১১টা থেকে ১টা পর্যন্ত রোয়াইলবাড়ি, সান্দিকোনা, মোজাফফরপুর, কান্দিউড়া, চিরাং, পাইকুড়া ইউনিয়নের পাথারকোনা, হরিপুর, আমতলা, কান্দিপাড়া, পাইকুড়া, আদমপুর, বৈরাটিসহ অন্তত ১৫টি গ্রামের ওপর প্রচণ্ড ঝড় বয়ে যায়। কেন্দুয়া থানার ওসি আলমগীর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে ঝড় চলার সময় আসমা আক্তার ও তার মেয়ে মারুফার ওপর বসত ঘরের দেওয়াল ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম পাথারকোনা গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইউএনও বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর কাজ চলছে। নিহত আসমার স্বামী আবুল হোসেন বলেন, মঙ্গলবার বিকালে আসমা ও মারুফাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.