পটুয়াখালী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মঙ্গলবার ট্রলির ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। আহত হন এক ছাত্রীসহ চারজন।
চম্পাপুর ইউনিয়নের কলেজ রোড এলাকায় সিকদার বাড়ির সামনের এ দুর্ঘটনায় নিহত তুলি ধানখালী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ মানবিক বিভাগের ছাত্রী। তিনি গোলবুনিয়া এলাকার মো. রফিকুল ইসলাম খানের মেয়ে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুলি ও রুবিনাসহ একটি টমটমে করে ধানখালী ডিগ্রি কলেজে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরো কয়েকজন যাত্রীও ছিলেন।
পথে একটি মালবাহী ট্রলির সঙ্গে তাদের টমটমের ধাক্কা লাগলে তুলি ছিটকে পড়ে যান। ওই সময় ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে কলেজ ছাত্রী রুবিনাও রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে টমটম চালক নাসির উদ্দিন হাওলাদারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৯ ঘ.
bdnews24