ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের আরেকটি মামলায় অভিযোগ গঠনের তারিখ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক অভিযোগ গঠনের জন্য ৬ জুন নির্ধারণ করে মামলাটি ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।
আদালতে এদিন গত ২৯ এপ্রিলে দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে রাষ্ট্র ও আসামিপক্ষে শুনানি হয়। শুনানির সময় কারাগার থেকে মামুনকে আদালতে নিয়ে আসা হয়।
মামুনের বিরুদ্ধে এ মামলায় ৪ লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড ব্রিটেনে পাচারের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষে সাক্ষী রয়েছেন ১৩ জন।
তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেনের আদালতে মামুন ও তারেক রহমানের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে অপর একটি মামলার বিচারকাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮০২ ঘ.
bdnews24