সাভার, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নামাবাজার এলাকা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদুল হক জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নামাবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুর হোসেন (২৪) সাভার পৌর এলাকার ৮২/২ নামাবাজার মহল্লার আওলাদ হোসেনের ছেলে। তিনি নামাবাজারে কাঠের গুঁড়ির ব্যবসা করতেন।
এসআই জুবাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভার মডেল থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সোমবার রাতের কোনো এক সময়ে আমিনুরকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুর্বৃত্তরা।
নিহতের স্বজনরা পুলিশকে জানিয়েছে, সোমবার রাত ১০টার দিকে আমিনুরকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার তিন বন্ধু। এরপর তিনি আর বাসায় ফেরেননি।
“সকালে ওই এলাকার ওহাব মিয়ার ডালের মিলে একটি লাশ পড়ে রয়েছে শুনে দেখতে গিয়ে আমিনুরের লাশ সনাক্ত করে পরিবারের সদস্যরা। পুলিশকে না জানিয়ে সকাল ৯টার দিকে সেখান থেকে লাশটি তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।”
পরে খবর পেয়ে বেলা ১২টার দিকে তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের বন্ধু বাবুকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা জুবাইদুল।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬০৯ ঘ.
bdnews24