ঠাকুরগাঁও, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালান্দর-চৌধুরীহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম দিপু (১৯)।
সদর উপজেলার কচুবাড়ি গ্রামের যামিনী কুমারের পুত্র দিপু একজন দোকান কর্মচারী।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের একটি কোচ সাইকেল আরোহী দিপুকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি আটক করে।
তারা গতিরোধকের দাবিতে ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। স্থানীয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাও সেখানে মানববন্ধন করে।
গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে বেলা দেড়টায় তারা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬২০ ঘ.
bdnews24