২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি খুন সাংবাদিকদের মাসব্যাপী কর্মসূচি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শেষে সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারের দাবিতে মাসব্যাপী কর্মসূচি দিয়েছে সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিকে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শেষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত সাংবাদিকরা। কর্মসূচির মধ্যে রয়েছে, ২০ মে থেকে ১৫ জুন পর্যন্ত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক, সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়ণের জন্য ৫ জুন স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান, ২৬ জুন সব পত্রিকার সম্পাদক, টেলিভিশনের প্রধান ও প্রবীণ সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা। মঙ্গলবার নবাব আব্দুল গণি লিংক রোডে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। একই সময় তিনি অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে আগামী ২৭ মে তথ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন রুনির ভাই। কিন্তু তিন মাসের বেশি সময়েও এ হত্যাকাণ্ডে জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় গত ১৮ এপ্রিল মামলা তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেওয়ার জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয় হাই কোর্ট। আদালতের আদেশে দায়িত্ব নেওয়ার পর ২৬ এপ্রিল ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার জন্য কবর থেকে সাগর-রুনির লাশ তোলে র‌্যাব। সাংবাদিক নেতারা সাগর-রুনির খুনিকে গ্রেপ্তারের দাবির পাশাপাশি সা¤প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও সাংবাদিকদের অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা প্রশ্ন রাখেন, “সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে যারা ব্যর্থতা স্বীকার করেছেন তাদের কি শাস্তি হয়েছে?” টেলিভিশন চ্যানেল বৈশাখীর প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “সরকারকে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভাষা বুঝতে হবে। ক্রাইম রিপোর্টারদের বলছি আপনারা ইউনিয়নের সঙ্গে বসুন। আমরা এ হত্যাকাণ্ডের পৃথক অনুসন্ধান করব।” ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আব্দুস শহীদ বলেন, “দেয়ালে পিঠ ঠেকে গেছে। সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া জরুরি।” দৈনিক আমাদের দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর কানে মেঘের কান্না পৌঁছায় না। সাহারা-টুকু থাকলে এ অবস্থার পরিবর্তন হবে না।” বিএফইউজের একাংশের মহাসচিব আব্দুল জলিল ভূইয়া কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যেশে প্রেসক্লাব সভাপতি কামালউদ্দিন সবুজ বলেন, “আপনার অধীনস্ত সব প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে। তারা আদালতে ব্যর্থতা স্বীকার করেছে। দেশে গণতন্ত্রের চর্চা থাকলে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করুন।” নিউজ টুডের সম্পাদক রিয়াজুদ্দিন আহমেদ বলেন, “সরকার খুনিদের আড়াল করছে, ধরতে চাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় সকলকে নিতে হবে, সরকারকে নিতে হবে।” ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু বলেন, “পুলিশের বাধা অনভিপ্রেত। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব।” এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সাংবাদিকদের একটি দল পল্টন হয়ে সচিবালয় ফটকের কাছে গেলে পুলিশ বাধা দেয়। অপর একটি দল আব্দুল গণি লিংক রোডে সচিবালয়ের ২ নম্বর ফটকে অবস্থান নেয়। ২৫ মিনিট অবস্থান শেষে তারা সেখানে সমাবেশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরআরডি/এএল/১৪৫০ ঘ.