ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গবলার সকালে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশের উদ্বোধন করে তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “এর আগে মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীর মর্যাদাভুক্ত করা হয়েছিল। আমি আজ এখান থেকে ঘোষণা দিচ্ছি, এই মুহূর্ত থেকে সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদাভুক্ত হলেন।”
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে আয়োজিত এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইনসান আলী সহকারী শিক্ষকদের পদ মর্যাদা বৃদ্ধির দীর্ঘদিনের এই দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে বলেন, “আমি শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
এ সময় উপস্থিত শিক্ষকরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “শিক্ষকের মর্যাদা যদি আমরা দিতে না পারি তাহলে অত্মমর্যাদাবোধসম্পন্ন শিক্ষার্থীও তৈরি হবে না। আর এই জাতি বেশি দূর এগোতেও পারবে না।”
“এখন থেকে আর কেউ আপনাদের অবহেলা করতে পারবে না”, শিক্ষকদের উদ্দেশে বলেন তিনি।
শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ হিসাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আপনারই পারেন- একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে। আপনারা যাদের শিক্ষা দিচ্ছেন- তাদের মধ্যে থেকে কেউ একজন আগামীতে প্রধানমন্ত্রী হবে। এরাই নেতৃত্বে আসবে।”
কোনো কোনো ক্ষেত্রে অভিভাবকদের চেয়েও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। তাদের সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর শিক্ষক ও অভিবাবকদের নজর দিতে হবে।”
ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের আরো যতœবান হওয়ারও অনুরোধ করেন সরকার প্রধান।
সবার ‘ঐকান্তিক প্রচেষ্টায়’ ছাত্রছাত্রীরা এখন ভাল ফলাফল করছে উল্লেখ করে তিনি শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।
শিক্ষক সমিতির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএমআর/জেকে/১২৫৫ ঘ.
bdnews24