২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: সাকার আইনজীবীকে নোটিস

যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 05:33 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশনা উপেক্ষা করে এ মামলার সাক্ষী অধ্যাপক আনিসুজ্জামানকে কয়েক দফা ‘মিথ্যুক’ বলায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক মঙ্গলবার এই ‘কারণ দর্শাও’ নোটিস জারি করেন। এতে বলা হয়, ব্যারিস্টার ফখরুলকে ২৭ মের মধ্যে আদালতে হাজির হয়ে এর জবাব দিতে হবে। তিনি জবাব দিতে ব্যর্থ হলে অথবা ওইদিন আদালতে না গেলে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হবে। বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসাবে সোমবার আদালতে জবানবন্দি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, একাত্তরে সালাউদ্দিন কাদেরের সহযোগিতায় চট্টগ্রামে রাউজানে হত্যা-নির্যাতন চালায় পাকিস্তানি বাহিনী। সোমবার তার সাক্ষ্য শেষে জেরা শুরুর পর্যায়ে আসামির আইনজীবী ব্যারিস্টার ফখরুল বলেন, আনিসুজ্জামান ‘কতো বড় মিথ্যুক’ তা তিনি দেখিয়ে দেবেন। এতে আপত্তি জানিয়ে বিচারপতি নিজামুল হক বলেন, আনিসুজ্জামান একজন সম্মানিত ব্যক্তি। জেরার সময় তার কোনো বক্তব্য মিথ্যা মনে হলে আইনজীবী তা ধরতে পারেন। কিন্তু এভাবে সরাসরি তাকে মিথ্যুক আখ্যা দেওয়া চলবে না। আদালতের ওই নির্দেশনার পরও বাইরে বেরিয়ে সাংবাদিকদের কাছে একই ধরনের বক্তব্য দেন ব্যারিস্টার ফখরুল। মঙ্গলবার আনিসুজ্জামানের জেরা ফের শুরু হলে প্রসিকিউটর জিয়াদ আল মালুম আদালতকে ফখরুলের বক্তব্যের বিষয়টি জানিয়ে বলেন, এভাবে চলতে থাকলে সাক্ষীদের ওপর বিরূপ প্রভাব পড়বে। বিচারপতি নিজামুল হক এ সময় আসামির আইনজীবীর কাছে সরাসরি জানতে চান- তিনি বাইরে বেরিয়ে ওই ধরনের কথা বলেছেন কি না। ব্যারিস্টার ফখরুল বলেন, তিনি আদালতের ভেতরে যা বলেছেন, বাইরেও তাই বলেছেন। এরপর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ জারির আদেশ দিয়ে বলেন, আসামির আইনজীবী সরাসরি অবমাননাকর কথা বলছেন। পরে জেরা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। সোমবার সাক্ষ্য ও জেরা চলাকালে আসামি ও বিচারকের মধ্যে বেশ কয়েক দফা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সালাউদ্দিন কাদের একাধিকবার উঠে দাঁড়িয়ে উঁচু গলায় বক্তব্য দিতে শুরু করেন এবং এক পর্যায়ে আদালতকে বলেন- ‘ডোন্ট শো ইউর রেড আইজ’। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হক এক আদেশে বলেন, সালাউদ্দিন কাদেরকে শেষবারের মতো সাবধান করে দেওয়া হচ্ছে- যাতে তিনি তার আইনজীবীর উপস্থিতিতে আর জেরার সময় কথা বলার চেষ্টা না করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ২০১০ সালের ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৪ অক্টোবর এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত দল। একাত্তরে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতন, ধর্মান্তরকরণসহ ২৩ ধরনের অপরাধে অভিযোগ গঠনের পর গত ৩ মে সাক্ষ্য গ্রহণে প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১২০ ঘ.