২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিখিয়ে থেকে আঁকিয়ে হুমায়ূন আহমেদ

একঘেয়েমি কাটাতে রং-তুলি হাতে নিলেও নিজের সৃষ্টিকর্মে মুগ্ধ এই লেখক জানালেন, তার আঁকা ছবিগুলোর প্রদর্শনী হবে জুন মাসে নিউ ইয়র্কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 07:18 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গাজীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেখালেখির মাঝেই চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন হুমায়ূন আহমেদ, এবার আঁকিয়ে হিসেবেও নাম লেখাচ্ছেন তিনি। জনপ্রিয় এই কথা সাহিত্যিকের আঁকা ছবি নিয়ে জুন মাসে নিউ ইয়র্কে প্রদর্শনী হতে যাচ্ছে। ক্যান্সারের চিকিৎসার জন্য নিউ ইয়র্কে থাকছেন তিনি। এর মধ্যে কয়েকদিনের জন্য দেশে আসা হুমায়ূন তার গড়া নুহাশপল্লীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে জানান, জুনের শেষ দিকে নিউ ইয়র্কে মুক্তধারার উদ্যোগে বাংলা উৎসব ও বইমেলায় তার আঁকা ছবির প্রদর্শনী হবে। আট মাস পর গত শুক্রবার দেশে ফেরার পর থেকে গাজীপুরে নুহাশ পল্লীতেই সময় কাটাচ্ছেন একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত এই লেখক। ছবি আঁকা কীভাবে শুরু হল- তা জানাতে গিয়ে হুমায়ূন বলেন, “আমেরিকায় সময় কাটানোর জন্য প্রচুর বই পড়তাম। একসময় বই পড়তে ভাল লাগছিল না। তাই লেখালেখি শুরু করলাম। “লেখালেখি করতেও একসময় একঘেয়েমি চলে আসে। তখন রঙ কিনে একের পর এক ছবি আঁকতে শুরু করি। দেখলাম অসম্ভব ভাল ছবি আঁকা হচ্ছে।” হুমায়ূনের ছোট ভাই আহসান হাবীব দেশে কার্টুন জনপ্রিয় করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। তার মতে, তার অন্য ভাইদেরও আঁকার হাত ভালো। হুমায়ূন গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাওয়ার পর মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর তার এমআরআই করা হয়। এর প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেখানের বেলভ্যু হাসপাতালে অস্ত্রোপচার হবে। তার আগেই পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরলেন হুমায়ুন। নুহাশ পল্লী নিয়ে নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে হুমায়ুন জানান, এমন একটা ব্যবস্থা করে যেতে চান যাতে তার মৃত্যুর পর ছেলে-মেয়েরা নুহাশ পল্লী ভাগাভাগি না করতে পারে। এটাকে তিনি ট্রাস্টিতে পরিণত করে যেতে চান। নুহাশ পল্লীর তিনশ’ প্রজাতির গাছের মধ্যে রক্ত তেতুলের মতো অনেক দুষ্প্রাপ্য ভেষজ গাছও রয়েছে। ভাল গবেষক পেলে এখানে গবেষণাগার বা এসব ভেষজ দিয়ে ওষুধ তৈরি করা যেত বলে মনে করেন হুমায়ুন। হুমায়ূন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে এসব গাছ এনে বাগান তৈরি করেছেন। আমেরিকায় থাকাকালে নুহাশ পল্লীর প্রতিটি গাছের অভাব অনুভন করেছেন বলে তিনি জানান। “এসব গাছকে আমি ফিল করি। এখানকার প্রতিটি গাছের ভিডিও করা আছে। পুরো নুহাশ পল্লীর ৪-৫টা ক্যাসেটে ভিডিও করা আছে। যখনই নুহাশ পল্লীর অভাব ফিল করি তখনই ওইসব ভিডিও দেখি,” বলেন তিনি। বাগান বাড়িতে হুমায়ূনের সঙ্গে থাকা অন্য প্রকাশের মালিক মো. মাজহারুল ইসলাম বলেন, এই লেখকের মনোবল খুব দৃঢ়। “১৫ দিন পর পর তাকে কেমোথেরাপি নিতে হত। এসময় দু’দিন তিনি হাসপাতালে থাকতেন। তৃতীয় দিন বাসায় ফিরেই তিনি লেখালেখি, বইপড়া, ছবি আঁকা ও বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন।” “স্যার স্বাভাবিকভাবে সব কাজ করতেন, এক মুহূর্তের জন্য বসে থাকেননি। ইদানিং তিনি ছবি আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন,” যোগ করেন মাজহারুল। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০১১৫ ঘ.