ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে তিন সদস্যের প্যানেল মনোনয়নের এজেন্ডা রেখে সিনেটের অধিবেশন আহ্বানে উপাচার্যকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক এক শিক্ষকের রিট আবেদনে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়।
শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর উপাচার্যকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত আগামী ১১ জুন এই আবেদনের পরবর্তী শুনানির দিন ঠিক করেছে। এই কারণ দর্শানোর নোটিস বিশেষ বার্তা বাহকের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।
একই সঙ্গে এ ধরনের একটি অধিবেশন আহ্বানে বিবাদিদের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামান চান রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।
তবে রিট আবেদনে নিজের এই পরিচয় ব্যবহার করেননি অহিদুজ্জামান। নিজেকে ‘সিনেট সদস্য’ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে দেখিয়েছেন তিনি।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এ এফ এম মেজবাহ উদ্দিন।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি সম্পাদনের জন্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ।
“তখন সিনেট না থাকার কারণে এটা করা প্রয়োজনও ছিল। কিন্তু সিনেটের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিলেও তিনি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেননি,” বলেন তিনি।
অহিদুজ্জামান চান বলেন, “বিষয়টি নিয়ে আমরা বহুবার তার কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে সর্বশেষ উপায় হিসাবে এই ব্যবস্থা (আইনের আশ্রয়) নিয়েছি।”
গত ২৫ এপ্রিল অহিদুজ্জামান চানসহ সিনেটের ৩০ সদস্য উপাচার্য নির্বাচনে প্যানেল চেয়ে উপাচার্য আরেফিন সিদ্দিককে চিঠি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮২০ ঘ.
bdnews24