শেরপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতীতে রোববার রাতে ঝড়ে কয়েকটি গ্রামের ফসলের ক্ষতি হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
নালিতাবাড়ী পৌরশহরের কিছু অংশসহ আটটি গ্রাম এবং ঝিনাইগাতীর চারটি গ্রামের ওপর প্রায় ২ মিনিটের এ ঝড় বয়ে যায়।
নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, রাত সাড়ে ১০টার দিকে ঝড়ের আঘাতে প্রায় চার শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল নালিতাবাড়ি পৌরশহরের গড়কান্দা, সাহাপাড়া, মরিচপুরানের গুজাকুড়া, নন্নী ইউনিয়নের তাজুরাবাদ, উত্তরবন্দ, ছাইছাকুড়া, রাজনগর ইউনিয়নের কৃষ্ণপট্টি গ্রাম এবং ঝিনাইগাতীর ফাকরাবাদ, মানিককুড়া , জারুলতলা ও বাউইবাদা।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও আরো বলেন, ঝড়ে উঠতি বোরো ধান ও সবজির ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৫৫ ঘ.
bdnews24