২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুতের দাবিতে ব্যবসায়ীরা কিছু সময়ের জন্য মিরসরাই পৌর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের দাবিতে মিরসরাই পৌর এলাকার ব্যবসায়ীরা রোববার সকাল ৯ টায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। পৌর এলাকার সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা এতে অংশ নেয়। স্থানীয় বাসিন্দারাও এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়। পৌর সদরের বাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের উভয়পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। বিক্ষোভে অংশ নেওয়া মিরসরাই পৌর এলাকার ব্যবসায়ী মো. ইফতেখার হোসেন শামীম বিডিনিউজ টোয়েন্টিফেরে ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে মিরসরাইয়ে বিদ্যুতের চরম সংকট চলছে। ২৪ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না।” পরে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংকট নিরসনের আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেওয়া তারা বলে জানান ওসি ইফতেখার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচপি/১৩১০ ঘ.