ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় আশপাশের মানুষ এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়েছেন।
রোববার রাত ১টার দিকে খিলগাঁও ৮ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
আহত আমিনুল ইসলাম (২৮) খিলগাঁও বাজারে কাপড়ের ব্যবসা করেন বলে পুলিশ জানায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে দোকান বন্ধ করে পূর্ব গোরানের বাসায় যাওয়ার পথে আট নম্বর গলিতে ৪/৫ জন ছিনতাইকারী আমিনুলের কাছ থেকে টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়।
আমিনুল চিৎকার করলে ছিনতাইকারীরা তার বুকে ছুরি মারে। পালিয়ে যাওয়ার সময় জনতা এক ছিনতাইকারী ধরে গণপিটুনি দেয়। খিলগাঁও থানার এসআই আশরাফুল তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে তিনি জানান।
কাপড় ব্যবসায়ী ও ছিনতাইকারী দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে এসআই মোজাম্মেল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২৪৫ ঘ.
bdnews24