ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুপুরে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন।
জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সশস্ত্র বাহিনী ও মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ তাকে স্বাগত জানান।
সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থানকালে প্রধানমন্ত্রীকে ‘বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফোর্সেস গোল-২০৩০’ এর বিষয় অবহিত করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং প্রতিরক্ষা সচিবসহ তিন বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এএল/২০৪৫ ঘ.
bdnews24