২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের জমি উদ্ধারে সংঘর্ষ: পুলিশের মামলা

নারায়ণগঞ্জে অবৈধভাবে গড়া রেলওয়ে কলোনি উচ্ছেদকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

নারায়ণগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে অবৈধভাবে গড়া রেলওয়ে কলোনি উচ্ছেদকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বাদী হয়ে রোববার প্রথম প্রহরে এ মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১৩ জনকে আসামি করা হয়েছে। নাম দেওয়া আসামিরা হলেন- রেলওয়ে কলোনি রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মমতাজউদ্দিন সরকার, শীতলা মায়ের মন্দির’র সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস, রেলওয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত সেলিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, খোকন, কালা শহীদ, মোমিনুল হক, শাহজাহান, জামাল, দিলীপ, বিল্লাল হোসেন ও তাজুল ইসলাম। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় নাগরিক কমিটির কয়েকজন নেতার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কথা বলা হলেও তাদের কারো নাম উল্লেখ করা হয়নি। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। রেলের জমি দখল করে রেলওয়ে কলোনি গড়ে তোলা হয়। শনিবার এ অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশত আহত হয়। রেল বিভাগ জানিয়েছে, রেলওয়ের স্টেশনগুলো ও রেল লাইনের উভয় পাশে বেদখল হওয়া জমি পুনরুদ্ধারে কাজ শুরু করেছে সরকার। ইতোমধ্যে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ‘ক্র্যাস প্রোগ্রাম’ নেওয়া হয়েছে। মগবাজার পর্যন্ত জমি দখলমুক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জের স্টেশন এলাকায় ও শহর জুড়ে রেলওয়ের জমিতে প্রচুর অবৈধ দখলদার রয়েছে। পর্যায়ক্রমে বেদখল হয়ে যাওয়া জমিগুলো উদ্ধারে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএইচপি/১৮৫৬ ঘ.