সিলেট, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার ওসমানীনগর থানার ওসি মো. আল-আমিন জানান, শুক্রবার রাতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তামাবিল হাইওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান বাদি হয়ে ওসমানীনগর থানায় মামলাটি করেন।
মামলার তদন্ত করবেন তামাবিল হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন।
শুক্রবার সিলেটের ওসমানীনগর থানার তেরোমাইল এলাকায় গ্রিনলাইন পরিবহনের ঢাকা থেকে সিলেটগামী একটি ভলভো বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীমসহ আটজন মারা যান। আহত হয় অন্তত ২০ জন।
এছাড়া এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।
মামলা তদন্ত কর্মকর্তা এসআই কামাল উদ্দিন বলেন, “দুর্ঘটনাকবলিত ট্রাকের নম্বর পাওয়া গেছে, কাজেই ট্রাকের চালক ও মালিকের সন্ধান পেতে সমস্যা হবে না।”
ট্রাক ও বাসের দুই চালকই পলাতক রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪২৩ ঘ.
bdnews24