নড়াইল, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন কুমড়ি গ্রামের বাদশা শেখ (৭০) ও তোতা খান (৩৫)।
লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমড়ি গ্রামের আকরাম শেখ ও আজি মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
আহতদের খুলনা, নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫২০ ঘ.
bdnews24