ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্রের সঙ্গে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের (এফআইআর) অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।
তিনি বলেন, “ইলিয়াস আলীর সন্ধান, সাগর-রুনি হত্যার তদন্তের গতি মন্থর হলেও বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার তদন্তের গতি রকেটের মতো দ্রুত। তড়িঘড়ি করে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অথচ এফআইআরের সঙ্গে জমা দেওয়া ওই অভিযোগপত্রের কোনো সঙ্গতি নেই।”
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমার বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এই দুই ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা করে পুলিশ।
তেজগাঁও থানার মামলায় ঢাকার হাকিম আদালতে বৃহস্পতিবার অভিযোগপত্র দেয় পুলিশ।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান অবিলম্বে নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানান।
তিনি বলেন, “মামলায় যাদের সাক্ষী হিসেবে দেখানো হয়েছে তাদের কারো সরাসরি জবানবন্দি নেওয়া হয়নি। অভিযোগপত্রে লিপিবদ্ধ করা হয়নি বাসের চালক ও হেলপারের জবানবন্দি।”
সুরঞ্জিত সেনগুপ্তের ‘ঘুষ’ কেলেঙ্কারী, ইলিয়াস আলীর ‘নিখোঁজ’, সাংবাদিক সাগর-রুনি হত্যা ঘটনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার এ মামলা করেছে দাবি করেন নজরুল।
সংবাদ সম্মেলেন সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিভাষ চন্দ্র সাহা ও শহীদুজ্জামান টিটুর নিহত হওয়ার ঘটনায় বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ ও দোষীদের শাস্তি দাবি করা হয়।
অন্যদের মধ্যে দলের সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন ও মহিলা দলের মহানগর সভাপতি সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৩১৫ ঘ.
bdnews24