চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় একটি প্রতিষ্ঠানের বিপুল গার্মেন্টস পণ্য জব্দ করেছে চট্টগ্রাম শুল্ক কর্তৃপক্ষ।
শুক্রবার বিকালে বন্দরের এনসিটি জেটিতে এসব পণ্য খালাস করে কাভার্ড ভ্যানে করে নিয়ে যাবার সময় ধরা পড়ে।
কাস্টমস কর্মকর্তারা জানান, ঢাকার খদ্দের বাজার শপিং কমপ্লেক্সের হাদেম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে একটি কন্টেইনারে করে তিন টন ওজনের পাঞ্জাবী, সেলোয়ার কামিজ ও ওড়নার কাপড় এবং টুপি আমদানি করে।
কিন্তু খালাস নেওয়ার সময় দেখা যায় প্রকৃতপক্ষে তারা সাড়ে চার টন পণ্য আমদানি করেছে।
আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট হচ্ছে চট্টগ্রামের হালিশহর এলাকার মার্টি ভিউ ইন্টারন্যাশনাল লিমিটেড।
চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা অরিন্দম চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুল্ক কর্তৃপক্ষ গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালিয়েছে।
তিনি জানান, পরীক্ষা করে দেখা গেছে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য তিন টনের পরিবর্তে সাড়ে চার টন পণ্য আমদানি করেছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জাানন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৪৬ ঘ.
bdnews24