২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনের সড়কে লাশের মিছিল

রাজধানীতে দুই সাংবাদিকসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 05:29 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটির দিনে রাজধানীতে দুই সাংবাদিকসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর ধানমন্ডি ও শাহবাগে বাসচাপায় নিহত হয়েছেন দুই সাংবাদিক। এছাড়া সিলেটে ৮, গাইবান্ধায় ৫ এবং চট্টগ্রাম এবং সিরাজগঞ্জে একজন করে নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন। দুই সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে দায়ী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধের উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদও সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার বিকালে বাসচাপায় নিহত হন ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। ধানমন্ডির ২ নম্বর সড়কে বেল টাওয়ারে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী বিভাসকে (৪৫) একটি বাস চাপা দেয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক ও সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। অনেকেই তখন কান্নায় ভেঙ্গে পড়েন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে দুর্ঘটনার জন্য দায়ী বাসটি ভাংচুর করে এবং আগুন লাগানোর চেষ্টা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে বলে ধানমণ্ডির থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ মনসুর জানান। এর আগেই দুপুর শাহবাগ এলাকায় বাস চাপায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য তিন দিন আগে ঢাকা আসেন তিনি। ইউনাইটেড পরিবহনের একটি বাস রিকশাআরোহী টিটুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই মৃত্যুতে শোক প্রকাশ করে দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো ব্যাচ ধারণ কর্মসূচি দিয়েছেন সাংবাদিকরা। এদিকে সিলেটের ওসমানী নগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। শুক্রবার ভোরে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে করে তারা সিলেট ফিরছিলেন। পুলিশ জানায়, ওসমানীনগরের তেরমাইলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন। নিহতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীম, ঢাকার কেরানীগঞ্জের হাজী আবদুল বাতেন (৪৫), বাতেনের ছেলে আবির হোসেন (২০), ভাগিনা অপু (২২), ঢাকার শাহজাহানপুরের রাশেম্বর সিংহ (২৮), হবিগঞ্জের চুনারুঘাট এলাকার শওকত আলী (৩৩) এবং অজ্ঞাত পরিচয় আরো দুই জন। ইফতেখার হোসেন শামীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে ভোর রাতে গাইবান্ধায় পুলিশ সুপারের কার্যালয়ের পাশে ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। পরিবারের এক অসুস্থ সদস্যকে ভ্যানে করে হাসপাতালে নেওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহতরা হলেন- শ্যামল চন্দ্র সরকার (৩৫), তার স্ত্রী নমিতা রানী (২৮), শ্যামলের ছোট ভাই চন্দন কুমার (২৩), খালা কাঞ্চনবালা (৬০) এবং তাদের বহনকারী ভ্যান চালক আশরাফ আলী (৫০) মারা যান। চট্টগ্রামে ট্রাকচাপায় এক পরিবহন শ্রমিক এবং সিরাজগঞ্জে এক পথচারীও নিহত হয়েছেন এদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসইউএম/সিএস/জেকে/২৩২৩ ঘ.