২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোহরদী থেকে নতুন পাইপ লাইনে গ্যাস সরবরাহ শুরু

মনোহরদী থেকে নরসিংদী পর্যন্ত ২০ ইঞ্চি ব্যাসের নতুন পাইপ লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

নরসিংদী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোহরদী থেকে নরসিংদী পর্যন্ত ২০ ইঞ্চি ব্যাসের নতুন পাইপ লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকগুলোতে গ্যাসের চাপ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. হোসেন মনসুর এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক অবদুল আজিজ খান শুক্রবার রাত পৌনে ৮টায় মনোহরদী গ্যাস মিটারিং অ্যান্ড মেনিফোল্ড স্টেশনে এই পাইপ লাইনের উদ্বোধন করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান দি পাইপ লাইন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা আল-মাহমুদসহ পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, ৮৪ কোটি টাকা ব্যয়ে মনোহরদী থেকে নরসিংদী পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ এই পাইপ লাইনের নির্মাণ কাজ দুই মাস ২০দিনে শেষ হয়েছে। তিনি জানান, নরসিংদীর চিনিশপুর ১২ নম্বর স্টেশনের মাধ্যমে এই পাইপ লাইন দিয়ে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। ফলে নরসিংদী, ঘোড়াশাল, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, মুন্সিগঞ্জ, মোক্তারপুরসহ ঢাকার পূর্বাঞ্চলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। হোসেন মনসুর জানান, সিলেটের বিবিয়ানা ক্ষেত্র থেকে প্রথমে গ্যাস আসে আশুগঞ্জে। সেখান থেকে দুটি লাইনে মনোহরদীতে গ্যাস আসে। এর একটি ২৪ ইঞ্চি এবং অপরটি ৩০ ইঞ্চি ব্যাসের পাইপলাইন। ৩০ ইঞ্চির ব্যাসের লাইন থেকে নতুন ২০ ইঞ্চি ব্যাসের লাইনের মাধ্যমে গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১১০৯ ঘ.