২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাস চাপায় দুই সাংবাদিক নিহত

রাজধানীতে ছুটির দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ছুটির দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ২ নম্বর সড়কে বাসচাপায় নিহত হন ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। আর দুপুরে বাসের ধাক্কায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু, যিনি ঢাকায় এসেছিলেন স্ত্রীর চিকিৎসা করাতে। ধানমণ্ডির থানার উপ পরিদর্শক খালেদ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার পর মোটরসাইকেলে করে বেল টাওয়ারে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে যাচ্ছিলেন বিভাস। এ সময় স্টার কাবাবের সামনে একটি বাস তাকে চাপা দেয়। এতে ৪৫ বছর বয়সী এই অপরাধ বিষয়ক সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার সহকর্মী নজরুল ইসলাম মিঠু ও আলফা আরজু। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে মৈত্রী পরিবহনের বাসটি ভাংচুর করে এবং আগুন লাগানোর চেষ্টা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে। দুর্ঘটনার পরপরই বিভাসকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে। রাত পৌনে ৮টার দিকে বিভাসের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর শাহবাগ এলাকায় বাস চাপায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু। রমনা থানার উপপরিদর্শক মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপসী হোটেলের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাস শহীদুজ্জামানকে বহনকারী রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। টিটুর সহকর্মী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি সাইদ মেমন জানান, বরিশাল নগরীর কালিবাড়ী রোড এলাকার বাসিন্দা টিটু স্ত্রীর চিকিৎসা করাতে তিন দিন আগে ঢাকায় আসেন। এদিকে দুই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনা রোধের ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নও (ডিইউজে) বিভাসের মৃত্যুতে শোক প্রকাশ করে দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এদিকে নিহত বিভাসের মরদেহ দেখার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদসহ সাংবাদিক নেতারা রাতে মর্গে যান। এভাবে মৃত্যু অনাকাঙ্খিত উল্লেখ করে আইজি সাংবাদিকদের বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক নেতারা দুর্ঘটনা রোধে বিদ্যমান আইন সংশোধন করে চালকদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রির্পোটার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য বিভাসের মরদেহ শনিবার সকালে সেগুন বাগিচায় ডিআরইউ ও ক্র্যাব কার্যালয়ের সামনে নেওয়া হবে। ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান লাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার শেষকৃত্যের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।” ক্র্যাব সদস্যরা শনিবার সকাল থেকে কালো ব্যাজ ধারণ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানান তিনি। ডিআইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাসের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শনিবার সকালে ডিআরইউ কার্যালয়ের সামনে রাখা হবে। এরপর ডিআরইউর কার্যকরী কমিটি বসে শেষকৃত্যের বিষয়ে পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে। এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর কাকরাইল চার্চের সামনে বাসচাপায় নিহত হন দৈনিক আমাদের সময়ের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক দীনেশ দাস। মেয়েকে স্কুলে দিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। গত ২৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় পঙ্গু হন দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদক নিখিল ভদ্র। তার ডান পা গোড়ালি থেকে কেটে ফেলতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১৪৫ ঘ.