২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নাট্য কর্মশালার সরঞ্জাম ভাংচুর

সিলেটে একটি নাট্য কর্মশালার সরঞ্জাম ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 03:37 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

সিলেট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একটি নাট্য কর্মশালার সরঞ্জাম ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ভাংচুরের স্থলে নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরির’র নাম সম্বলিত সাঁটানো পোস্টার পাওয়া গেছে। সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মীরের ময়দানের শ্রীহট্ট সংস্কৃত কলেজের একটি কক্ষে কর্মশালা শুরুর আগে ভাংচুর করা কক্ষটি দেখতে পান আয়োজকরা। আয়োজকরা জানান, তরুণদের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত ‘ইউথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট’ গ্রুপের সহায়তায় সাত দিনব্যপী নাট্য কর্মশালাটি চলছিল। ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনাটি ঘটে। “ওই কক্ষে ঘটনার দায় স্বীকার করে হিযবুত তাহরিরের নামে একটি পোস্টার দেখে পুলিশে খবর দেওয়া হয়। এটি হাতে লেখা।” টিআইবি’র সিলেট এরিয়া ম্যানেজার নাজমা খানম জানান, বৃহস্পতিবার ছিল কর্মশালার শেষ দিন। সকাল সাড়ে ৮টার দিকে কর্মশালায় অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্টরা ওই কক্ষে ঢুকে হারমোনিয়াম, ঢোলসহ বাদ্যযন্ত্র ভাঙা, কর্মশালার বিভিন্ন কাগজপত্র ছেড়া ও পুরো কক্ষটি তছনছ করা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায়র একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি। ওসি আতাউর রহমান জানান, সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২১৩০ ঘ.