চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নগরীর পাহাড়তলী রেলওয়ে জংশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত রেজাউল করিম (৩১) সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার সাভারে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ থানার (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শুকলাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস এ কাটা পড়ে মারা যান রেজাউল। ধারণা করা হচ্ছে, অন্যমনস্কভাবে রেললাইন পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।
তবে রেজাউল আত্মহত্যা করেছেন কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় মামলা হবে বলে জানান এএসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/২০২৫ ঘ.
bdnews24