ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরির সন্ধানে ব্যস্ত না হয়ে কর্মসংস্থান সৃষ্টি করার মতো কাজে যুক্ত হতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তাতে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্রামীণ অর্থনীতি মজবুত করতে সমবায়ের ভিত্তিতে কাজ করার জোর দিয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায়ী কৃষকদের কৃষিঋণের সুদ মওকুফের ভর্তুকি প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
শেখ হাসিনা বলেন, উদ্যমী যুবকদের চাকরির জন্য ‘ছোটাছুটি’ না করে নিজেরা যেন অন্যকে চাকরি দিতে পারে- সে ধরনের কাজ করতে হবে।
“এই ধরনের উদ্যোগ নিলে সরকারের পক্ষ থেকে সব রকমের সাহায্য করা হবে,” বলেন তিনি।
গ্রামীণ অর্থনীতি মজবুত করার জন্য তৃণমূল পর্যায়ে অর্থের সরবরাহ বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন নিশ্চিত করতে চাইলে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। গ্রামে অর্থের সরবরাহ বাড়াতে হবে।
“গ্রামীণ অর্থনীতি মজবুত কেবল সমবায়ের মাধ্যমেই সম্ভব,” বলেন তিনি।
সমবায়ী কৃষকদের ঋণখেলাপি না হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “ঋণ যখন নেবেন, তখন সময়মতো পরিশোধ করতে হবে। কেউ বার বার ঋণ মওকুফ করবে না। আমরাও আগামীতে পারব না।
“আপনারা এনজিওদের কাছ থেকে বেশি সুদে ঋণ নিয়ে শোধ করেন। কিন্তু, সরকারের কাছ থেকে কম সুদে ঋণ নিয়ে তা শোধ করেন না। এই প্রবণতা ব্যবসায়ীদের মধ্যেও দেখা যায়,” যোগ করেন হাসিনা।
সমবায়ী কৃষকদের ১৯৯২ পূর্ববর্তী ৫ হাজার টাকার কৃষিঋণের সুদ মওকুফের ভর্তুকি প্রদান কার্যক্রম উদ্বোধনের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষিখাতে ভর্তুকি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “১৯৯৬ সালে সরকার গঠনের পর আমরা ব্যাপক হারে ভর্তুকি দেই। ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে অনেক বাধা আসে। কিন্তু, আমরা তা মানিনি। কারণ কৃষি ও কৃষক আমাদের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।”
কৃষি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় আন্দোলনের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
“বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সামরিক সরকার জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বন্ধ করে দেয়,” বলেন তিনি।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর সমবায়ীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিলেও পরবর্তী চারদলীয় জোট সরকার তা বন্ধ করে দেয় জানিয়ে শেখ হাসিনা বলেন, “তারা আমাদের কাজের ধারাবাহিকতা ধরে রাখলে দেশ অনেক এগিয়ে যেত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জালিয়াতি বন্ধে একটি গ্রামে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “সমবায়ের সুযোগ নিয়ে অনেকে হায় হায় কোম্পানি খুলে মানুষের ক্ষতি করছে। একটি গ্রামে একটি সমবায় হলে চৌর্যবৃত্তি সফল হবে না।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুর ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, সমবায়ীদের প্রতিনিধি আনিসুল হক, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফেকা ইকফাৎ এবং সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি।
সমবায় সচিব মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হুমায়ুন খালেদ।
পরে প্রধানমন্ত্রী ২০ জন সমবায়ী কৃষকের মাঝে চেক বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯০০ ঘ.
bdnews24