২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ান্ডারল্যান্ড উচ্ছেদে এক দিনও বিরতি নয়’

রাজধানীর গুলশানের ওই স্থানকে কেন পাবলিক পার্ক হিসাবে সংরক্ষণের আদেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দিনও বিরতি না দিয়ে রাজধানীর বেসরকারি বিনোদন কেন্দ্র ওয়ান্ডারল্যান্ডের উচ্ছেদ কার্যক্রম শেষ করার এবং ওই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। এছাড়া স্থানটিকে কেন পাবলিক পার্ক হিসাবে সংরক্ষণের আদেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত। পূর্ত সচিব, ভূমি সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। আদেশে বলা হয়, রুলের শুনানি না হওয়া পর্যন্ত ওই জমি অন্য কাউকে ইজারা দেওয়া যাবে না। চলমান উচ্ছেদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ১ দিনের জন্যও তা বন্ধ রাখা চলবে না। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অ্যাডভোকেট মো. ছারওয়ার আহমদ চৌধুরী সকালে এই রিট আবেদন করেন। তাদের আইনজীবী মনজিল মোরসেদ আদালতে বলেন, ঢাকা শহরের খোলা জায়গা দিন দিন দখল হয়ে যাচ্ছে। রাজউকের পরিকল্পনায় ওয়ান্ডারল্যান্ডের জায়গা পাবলিক পার্ক হিসাবে স্বীকৃত হলেও জনসাধারণ তা ব্যবহার করতে পারছে না। গুলশান কেন্দ্রীয় পার্কের কিছু অংশ ঢাকা সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে ১৯৯০ সালে ওয়ান্ডারল্যান্ড চিলড্রেন পার্ক নির্মাণের কাজ শুরু করে মেসার্স ভায়া মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু ১৯৯৫ সালের এক রিট আবেদনে উচ্চ আদালত ওয়ান্ডারল্যান্ডের ইজারা অবৈধ ঘোষণা করে পার্কের যাবতীয় স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এই পরিপ্রেক্ষিতে রাজউক গত ৭ মে সেখানে উচ্ছেদ অভিযান শুরু করে। প্রথমদিন ওই বিনোমদন কেন্দ্রের ফটক ও দেওয়াল ভেঙে ফেলা হয়। মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই জায়গায় এক সময় পাবলিক পার্ক ছিল। কিন্তু সেই জমি একটি বেসরকারি কর্তৃপক্ষকে ইজারা দেওয়া হয়। এখন তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হলেও সেখানে পাঁচতারা হোটেল নির্মাণে একটি মহল উঠেপড়ে লেগেছে। যা বাস্তবায়িত হলে জায়গাটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। এ কারণেই রিট আবেদন করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫১৫ ঘ.