ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিলাদ মাহফিল ও স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে।
উচ্চ রক্ত চাপ, শ্বাস কষ্ট এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ২০০৯ সালের এই দিনে মারা যান ওয়াজেদ মিয়া। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী।
মৃত্যুবার্ষিকীতে বুধবার বিকালে প্রয়াতের বাসভবন ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের সুধাসদনে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এতে শেখ হাসিনাসহ পরিবারের সদস্যরা ছিলেন।
ঢাকা আওয়ামী লীগের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সারাদিন কোরানখানি এবং বাদ জোহর মিলাদ ও দোয়া হয়।
বিকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রলীগ। কেন্দ্রীয় কার্যালয়ের এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ছিলেন।
১৯৪২ সালের ১৬ ফেব্র“য়ারি রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে ওয়াজেদ মিয়ার জন্ম। তিন বোন এবং চার ভাইয়ের মধ্যে ওয়াজেদ মিয়া সবার ছোট ছিলেন।
১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হন ওয়াজেদ মিয়া। øাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর লন্ডনের ইমপেরিয়াল কলেজ এবং ডারহাম ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে উচ্চতর শিক্ষা নেন তিনি।
বঙ্গবন্ধুর হত্যার পর ভারতে নির্বাসিত জীবন যাপনের সময়ে দিল্লিতে ভারতের আনবিক শক্তি কমিশনের গবেষণাগারে বেশ কিছু গবেষণার কাজ করেন এই পরমাণু বিজ্ঞানী।
দেশে ফেরার পর তিনি বাংলাদেশ আনবিক শক্তি কমিশনে যোগ দেন এবং ১৯৯৯ সালে সেখানকার চেয়ারম্যান পদে অবসরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচএ/এমআই/২৩১০ ঘ.
bdnews24