ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক বিএনপি নেতা কামরুজ্জামান রতনের পরিবারের সদস্যদের খোঁজ নিতে বুধবার রাতে তার বনানীর ডিওএইচএসর বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ২৯ এপ্রিল ছাত্রদলের সাবেক নেতা কামরুজ্জামান রতন গ্রেপ্তার হন।
বাসায় গিয়ে রতনের স্ত্রী নূর-ই জান্নাত ও তার ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলেন ফখরুল।
এ সময় সাবেক ছাত্র নেতাদের মধ্যে আমান উল্লাহ আমান, হবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সাংসদ শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শ্যামলীর আদাবরে ঢাকা হাউজিংয়ের বাসায় দলের বন্দি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় গিয়ে তার স্ত্রী আরজুবান্দ বানু আইভিসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ভারপ্রাপ্তম মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৩৮ ঘ.
bdnews24