চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর নিউ মার্কেট এবং আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকা থেকে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার গভীর রাত পর্যন্ত) অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারার পশ্চিম পাড়ার অনিল বরণ নন্দীর ছেলে রানা নন্দী (২৬) ও পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের মৃত কবির আহমেদের ছেলে মো. ইয়াকুব (৩৬)।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাস ও হ্যান্ডকাফ নিয়ে ছিনতাই করত।
তিনি জানান, গত ১৪ মার্চ ডবলমুরিং থানাধীন এক ব্যবসায়ীর ৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয় ছিনতাইকারীদের একটি চক্র।
এর সঙ্গে যুক্ত থাকার অপরাধে গতমাসে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিমসহ তিন জনকে গ্রেপ্তার করে র্যাব।
পুলিশ কর্মকর্তা হাছান জানান, এই দলেরই দুই সদস্য হলেন রানা ও ইয়াকুব। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াকুবকে নিউ মার্কেট এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে রানাকে আনোয়ারা থেকে ধরা হয়।
গ্রেপ্তারের পর দুই জনই গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৩৩ ঘ.
bdnews24