নেত্রকোণা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোণা সদর হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বৃদ্ধার স্বজনরা বলছেন, সেবিকার নির্দেশে হাসপাতালের এক আপ্যায়নকর্মী একসঙ্গে তিনটি ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যে তয়মনজান (৭২) নামে ওই বৃদ্ধা মারা যান, যিনি সদর উপজেলার পারলা গ্রামের মৃত আকছর আলীর স্ত্রী।
অবশ্য কর্তব্যরত সেবিকা সুফিয়া জেসমিনের দাবি, তিনি নিজেই ইনজেকশনগুলো দিয়েছেন।
তয়মনজানের মেয়ে ফিরোজা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেটের ব্যাথা নিয়ে মঙ্গলবার ডা. নজরুল ইসলাম ফকিরের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন তার মা। বুধবার সকাল ১১টার দিকে সেবিকা সুফিয়ার নির্দেশে বাচ্চু নামে এক আপ্যায়নকর্মী তার মাকে ডেকসামেথাসন, কোসেক ও লুসিডল ইনজেকশন দেয়।
ইনজেকশনগুলো দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তয়মনজান মারা যান বলেও দাবি করেন ফিরোজা।
এ বিষয়ে ডা. নজরুল ইসলাম ফকির বলেন, “সকাল সাড়ে ৯টায় তয়মনজানকে দেখেছি। তার অবস্থা ভাল ছিল। একসঙ্গে তিনটি ইনজেকশন দেওয়া হলেও ব্যবস্থাপত্রে তিনটি একসঙ্গে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।”
বার ঘণ্টা পরপর আধা ঘণ্টা ব্যবধানে কোসেক ও লুসিডল ইনজেকশন দেওয়ার এবং প্রয়োজন হলে ডেকসামেথাসন ইনজেকশন দেওয়ার কথা ব্যবস্থাপত্রে লিখেছিলেন বলেও জানান তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নিলোৎপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৪৭ ঘ.
bdnews24