বগুড়া, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার জজ কোর্টের হাজতখানা থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর তোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ১২টার দিকে আদালতের হাজতখানা থেকে আসামি ফজলার রহমান পালিয়ে যায়।
বগুড়া কাহালু উপজেলার জয়তুন গ্রামের মৃত গোলাম উদ্দিনের ছেলে ফজলার হত্যা মামলায় ১৪ মাস ধরে জেল হাজতে ছিলেন।
২০১১ সালের ১৪ মার্চ ফজলার রহমান তার স্ত্রী শাহানারা খাতুনকে (৩৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে অভিযোগ এনে শাহানার ভাই জহুরুল ইসলাম ওই দিনই কাহালু থানায় হত্যা মামলাটি করেন।
তোজাম্মেল হক জানান, বুধবার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-২ এ হাজিরার জন্য ফজলারকে জেল হাজত থেকে জজ কোর্ট হাজতে আনা হয়। বেলা ১২টায় হঠাৎ হাজতের দরজা খোলা পেয়ে দৌঁড়ে কোট চত্তরের প্রাচীর পার হয়ে পালিয়ে যায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এ সময় উপস্থিত লোকজনসহ কতর্ব্যরত পুলিশ তাকে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়।
ইন্সেপেক্টর তোজাম্মেল জানান, আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ী পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৬২৩ ঘ.
bdnews24