ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় জারি করা রুলের শুনানি হবে আগামী ১৪ মে।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের করা আবেদনে বিচারপতি আব্দুল আউয়াল ও মো. আশরাফুল কামালের বেঞ্চ বুধবার এই দিন ঠিক করে দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সোমবার আদালত শুনানির দিন ধার্য করেছে।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই আটক করে রেখেছে- স্ত্রীর এমন অভিযোগে গত ১৯ এপ্রিল একটি রুল জারি করে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ। এই বিএনপি নেতাকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না- সরকারকে তা জানাতে বলা হয় ওই রুলে।
স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত ১০ জনকে ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলে আদালত।
ফরিদ আহম্মদ নেতৃত্বাধীন বেঞ্চে নিখোঁজ ব্যক্তির উদ্ধারে করা রিটের রুল শুনানির এখতিয়ার না থাকায় বিষয়টি পরে বিচারপতি আব্দুল আউয়াল নেতৃত্বাধীন বেঞ্চে স্থানান্তর করা হয়।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপির অভিযোগ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী এতে জড়িত নয়।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩২০ ঘ.
bdnews24