২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পদোন্নতি নীতিমালা: শিক্ষকদের অনশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা মঙ্গলবার প্রতীক অনশন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা মঙ্গলবার প্রতীক অনশন করেছেন। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে ফলিত বিজ্ঞান অনুষদের আট বিভাগের প্রধানরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রভাষক নিলয় চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে এই অনুষদের শিক্ষকরা একাডেমিক ভবনে এক সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সিন্ডিকেটে গৃহীত অস্থায়ী নীতিমালার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার অনুষদের সব শিক্ষক কর্মবিরতি পালন করবেন এবং অনুষদের সকল বিভাগীয় প্রধানদের পদত্যাগের আহ্বান জানানো হবে। বুধবারের মধ্যে দাবি মানা না হয় বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মবিরতি চলবে। এদিকে ভৌতবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান ও ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষকরা অস্থায়ী নীতিমালা বাদ দিয়ে সার্বজনীন নীতিমালা প্রণয়নের দাবি নিয়ে কথা বলতে দুপুর ১২টায় উপাচার্যের সঙ্গে দেখা করেছেন। উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন বলেন, শিক্ষকদের ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি। গত ৩ মে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত মতে সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও ভৌত বিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রভাষকরা আড়াই বছরে সহকারী অধ্যাপক হবেন। কিন্তু ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্ষেত্রে সে সময় হবে তিন বছর, কারণ তারা øাতক পাশ করে প্রভাষক হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.