২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষিকা কারাগারে

১৪ ছাত্রীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজধানীর কদমতলীর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জেসমিন আক্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ ছাত্রীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজধানীর কদমতলীর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জেসমিন আক্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারের পর বিকালে জেসমিনকে আদালতে পাঠায় পুলিশ। কদমতলী থানা পুলিশ জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইলেও সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান। জেসমিনের পক্ষে জামিন চাওয়া হলে সে আবেদনও নাকচ করে আদালত। সময়মতো নামাজ না পড়ায় জেসমিন গত ১ মে খুন্তি গরম করে মাদ্রাসার ১৪ ছাত্রীকে ছ্যাঁকা দেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রীদের ‘দোযখের আগুন’ সম্পর্কে ধারণা দিতে তিনি এই কাণ্ড করেন বলে সে সময় গণমাধ্যমের খবরে বলা হয়। ওই ঘটনার পর আব্দুল জলিল নামে এক অভিভাবক নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে। এজাহারে বলা হয়, নামাজ না পড়ায় জেসমিন ছাত্রীদের ওই শাস্তি দেন। কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, মামলার পর ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে নির্যাতিত ১৪ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ওসি বলেন, “ওই মাদ্রাসায় আর কোনো শিক্ষক ছিল না। জেসমিনই বাচ্চাদের পড়াতেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯৩০ ঘ.