ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ও বিধবা ভাতা এবং পরিত্যাক্ত মহিলা সুবিধাভোগীদের (ভাতা পাওয়া) সংখ্যা এবার বাড়বে।
তবে এই সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, “ভাতা বাড়ছে কি না- সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী বাজেটের ওপর এটি নির্ভর করবে।”
চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ১১ হাজার ৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
অর্থমন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কয়েকটি নতুন প্রকল্পে আগামী বাজেটে আলাদা বরাদ্দ থাকবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে বাজেটে বরাদ্দ সংক্রান্ত এক সভায় অংশ নেন অর্থমন্ত্রী। সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রনজিৎ কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
মুহিত পরে সাংবাদিকদের বলেন, “অবহেলিত জনগণ ও ভিক্ষুক পুনর্বাসনের জন্য আগে থেকেই বরাদ্দ রয়েছে। এবার মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার ভিত্তিতে বরাদ্দ হবে। ফলে মুক্তিযোদ্ধাদের মধ্যে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে।”
মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বাড়ছে কিনা- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “তাদের এখন যা (ভাতা) দেওয়া হচ্ছে তা ভালো।”
টঙ্গী থেকে সদরঘাট পর্যন্ত মনোরেল করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে সম্ভব্যতা যাচাইয়ের কাজ হয়েছে।
“মনোরেলের সহজ কনস্ট্রাকশন। শেষ করতে এক বছরের বেশি সময় লাগবে না,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬১০ ঘ.
bdnews24