চাঁপাইনবাবগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জের কানসাটে কাভার্ড ভ্যান ও ট্রাক ড্রাইভারস ইউনিয়ন এবং সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ব্যানারে যানবাহন থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করা হচ্ছে।
“বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করতে বাধ্য হয়েছি আমরা।”
এদিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসন জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে জটিলতা নিরসনের চেষ্টা করছেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে বিষয়টি নিষ্পত্তি করতে বলা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধাানের চেষ্টা চলছে।
এ বিষয়ে আব্দুল খালেক বলেন, “সদর থানার ওসি দু’পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তবে কভার্ড ভ্যান ও ট্রাক ড্রাইভারস ইউনিয়ন এবং সংযুক্ত শ্রমিক ফেডারেশন তাদের সাইনবোর্ড সরিয়ে নিলে তবেই আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তারা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমডি/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24