লালমনিরহাট, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলার বালাপুকুর গ্রামে সোমবার এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে হত্যার অভিযোগে একই এলাকার জহির উদ্দিন (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়।
আম পাড়া নিয়ে ঝগড়ার জেরে দুলালকে (৭) হত্যা করে বলে জহির এলাকাবাসীর কাছে স্বীকার করেছে। দুলাল সাপ্টিবাড়ি ইউনিয়নের বালাপুকুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।
জহিরের বরাত দিয়ে স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, গাছ থেকে আম পাড়া নিয়ে দুলালের সঙ্গে জহির উদ্দিনের ঝগড়া হয়। এর জেরে জহির রোববার বিকালে দুলালকে একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে খালে পুঁতে রাখে।
সোমবার সকালে দুলালের লাশ পাওয়া যায়। পরে এলাকাবাসী সন্দেহ করে জহিরকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার করেছে বলে জানায়।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, জহির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
দুলালের লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০২৪ ঘ.
bdnews24