চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফার্নেস অয়েল নিঃসরণের মাধ্যমে সীতাকুণ্ড এলাকায় সমুদ্র দূষণের জন্য শিপইয়ার্ডসহ দুটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, যার মধ্যে একটির মালিক চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম।
অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সোমবার ওশান (বিডি) গ্রুপ এবং তাহের অ্যান্ড কোং নামক শিপইয়ার্ড এর প্রতিনিধিদের সোমবার ঢাকায় ডেকে নিয়ে এই জরিমানা করেন।
তাহের অ্যান্ড কোং ৫ লাখ টাকা, ওশান গ্রুপকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
তাহের অ্যান্ড কোং প্রতিষ্ঠানটি চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন। তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
গত ২৯ এপ্রিল তাহের অ্যান্ড কোং-এর মালিকানাধীন এমভি হাইপার লিংক নামক স্ক্র্যাপ জাহাজ থেকে দুই দশমিক ৫২ লাখ লিটার ফার্নেস ওয়েল পরিবহনের সময় ওশান গ্রুপের মালিকানাধীন ‘ডিবি চিাটাগাং’ নামক একটি নৌযান সীতাকুণ্ড-কুমিরা উপকূলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
এ জাহাজে থাকা বিপুল পরিমাণ ফার্নেস ওয়েল সমুদ্রে নিঃসরিত হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেল নিঃসরণের মাধ্যমে সমুদ্র দূষণের অপরাধে প্রতিষ্ঠান দুটিকে পরিবেশের ক্ষতিপূরণ বাবদ এ জরিমানা করা হয়েছে।
এছাড়া ভবিষ্যতে সমুদ্রে তেল জাতীয় পণ্য পরিবহনে পরিবেশ আইন যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়ে এসব তেল বিপণন ও সরবরাহের ক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুনীর চৌধুরী জানান, নিমজ্জিত তেল বহনকারী নৌযান ও এর সাথে সংযুক্ত অয়েল ট্যাংকার মহসিন আউলিয়া-১ এর সাগরে চলাচলের উপযুক্ত নয় এবং তাদের বৈধ অনুমতিপত্র ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০১৫ ঘ.
bdnews24