২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরবার লুট: জুলফিকারের রিমান্ডের শুনানি পিছিয়েছে

চট্টগ্রামে দরবার শরিফের টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার আলী মজুমদারকে জিজ্ঞাসাবাদে পুলিশের আবেদনের শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দরবার শরিফের টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার আলী মজুমদারকে জিজ্ঞাসাবাদে পুলিশের আবেদনের শুনানি পিছিয়েছে। সোমবার চট্টগ্রাম জেলা বিচারিক হাকিম মাসুদ পারভেজ আগামী ১০ মে শুনানির নতুন দিন ঠিক করেছেন। জুলফিকারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূল নথি না আসায় বিচারক শুনানি পিছিয়েছেন। তিনি বলেন, জুলফিকারকে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদন জানানো হলে বিচারক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার শুনানির ধার্য দিনে জুলফিকারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত শুক্রবার লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতি) জুলফিকারকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চান মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ। গত বছরের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে অভিযান চালানোর নামে ২ কোটি ৭ হাজার টাকা লুটের অভিযোগে জুলফিকারকে প্রধান আসামি করে গত ১৩ মার্চ মামলা হয়। আনোয়ারা থানায় করা ওই মামলায় র‌্যাবের আরো ৯ সদস্য এবং তাদের দুই সোর্সকে আসামি করা হয়েছে। ডাকাতির অভিযোগ ওঠার পর ওই র‌্যাব কর্মকর্তাদের স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। র‌্যাবের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জুলফিকারকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়। আনোয়ারা ও ঢাকার মহানগর পুলিশের এক যৌথ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার হন জুলফিকার। রাতেই তাকে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়ে যাওয়া হয়। আসামিদের মধ্যে র‌্যাবের সাবেক কর্মকর্তা তরুণ কুমার বসু ও আবুল বাশার এবং তাদের সোর্স দিদার ও আনোয়ার এর আগে গ্রেপ্তার হন। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও তদন্ত কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০০০ ঘ.