২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভাবশালীরা নদীরক্ষায় বাধা দিচ্ছে: নৌ মন্ত্রী

প্রভাবশালীদের বাধায় নদী তীর থেকে উচ্ছেদের মতো কার্যক্রমে ‘বিঘ্ন ঘটার’ কথা স্বীকার করলেন খোদ নৌ মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রভাবশালীদের বাধায় নদী তীর থেকে উচ্ছেদের মতো কার্যক্রমে ‘বিঘ্ন ঘটার’ কথা স্বীকার করলেন খোদ নৌ মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “কেউ কেউ এসব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছেন। এরা শিল্প প্রতিষ্ঠানের মালিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।” টাস্কফোর্সে ‘তাদের বিরুদ্ধে’ আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। ঢাকার চারপাশের নদ-নদী রক্ষায় উচ্ছেদ অভিযানের পাশাপাশি সীমানা পিলার, হাঁটাপথ (ওয়াকওয়ে) ও সীমানা দেওয়াল নির্মাণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কাজ করছে এই নদীরক্ষা টাস্কফোর্স। এর সভাপতি শাজাহান জানান, জুন মাসের মধ্যে সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধের ওপরের অবৈধ স্থাপনা এবং বিআইডব্লিউটিএ অনুমোদিত সব স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে সভায়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঢাকার জেলা প্রশাসন এ কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত স্থাপনা নির্মাণকারী প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। ঢাকা ও আশেপাশের নদীগুলো থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ এবং সীমানা পিলার নির্মাণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকা জেলায় স্থাপনযোগ্য ছয় হাজার ৮৫৪টি পিলারের মধ্যে দুই হাজার ৮০০, নারায়ণগঞ্জের পাঁচ হাজার ১৪১টির মধ্যে চার হাজার ৪৯১, গাজীপুরের ৮০০টির মধ্যে ২৬৮ এবং মুন্সিগঞ্জের ৬০৪টির মধ্যে ৫৬৩টি পিলার স্থাপন করা হয়েছে। এ কাজের অগ্রগতি এবং কাজের মান পরীক্ষা করে দেখতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী জুন মাসের মধ্যে প্রতিবেদন দেবে বলে মন্ত্রী জানান। নদী দূষণ বন্ধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের নেতৃত্বে আরো একটি কমিটি গঠন করার কথাও নৌ-পরিবহন মন্ত্রী তুলে ধরেন। তিনি বলেন, “এ কমিটিকেও আগামী জুনের মধ্যে করণীয় নির্ধারণের সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৫০ ঘ.