ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল করে ১৫ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে রুল নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।
সোমবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন এম আই ফারুকী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজনীন নাহার।
আদেশের পর নাজনীন নাহার সাংবাদিকদের বলেন, আপিল বিভাগত হাই কোর্টের আদেশ বহাল রেখে ১৫ দিনের মধ্যে রুলের নিষ্পত্তি করতে বলেছে।
এম কে রহমান বলেন, “এই আদেশের ফলে নির্বাচন অনিশ্চিত হয়ে গেল।”
সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা এক রিট আবেদনে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ গত ২৬ এপ্রিল বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।
ওই নির্বাচনের ঘোষিত তফসিল এবং ‘ক্রটিপূর্ণ ও ফোলানো-ফাঁপানো’ ভোটার তালিকার ভিত্তিতে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চায় হাইকোর্ট।
বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
পরে বার কাউন্সিলের এক আবেদনে গত ৩০ এপ্রিল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের আদেশ স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আপিল আবেদন পাঠিয়ে দেন। পাশাপাশি নির্বাচনের ১৫ দিন আগেই ভোটার তালিকা সংশোধন করতে বলেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৩০ ঘ.
bdnews24