ঢাকা/বরিশাল, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার বাড়ায় সন্তোষ প্রকাশ করে এর ধারাবাহিকতা ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবারের সার্বিক ফলাফলের অনুলিপি তুলে দেন। এরপর, দশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
শেখ হাসিনা বলেন, “প্রতিনিয়তই পাশের হার বৃদ্ধি পাচ্ছে। এটা ভালো লক্ষণ। ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”
মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১০ বোর্ডে এবার ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গত বছরের চেয়ে ৪ দশমিক ০৬ শতাংশ পয়েন্ট বেশি।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে এবার, সারা দেশে পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে ৮২ হাজার ২১২ জন।
শিক্ষামন্ত্রীর কাছ থেকে সার্বিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রধানের সঙ্গে কথা কলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় তিনি ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।
শিক্ষার্থীদের অভিনন্দন এবং শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যাওয়ায় ব্যাপারে আগ্রহী হচ্ছে এবং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা মেধাবী। তাদের ফেল করার কথা নয়।”
মাধ্যমিকের পর শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের আরো মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।
বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে উপস্থিত শায়ান শাহরীয়ার, মানীষা জাহান ও সাইফুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রীকে জানায়, তারা এবার পরীক্ষা দিয়ে ভালো ফল অর্জন করেছে।
মানীষা জাহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলে, “আপনার সঙ্গে কথা বলতে পেরে আমরা গর্ববোধ করছি।”
জবাবে প্রধানমন্ত্রী ভাল ফলের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সোনার বাংলা গড়ে তোলার জন্য তৈরি হতে বলেন।
গণভবনে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদও এ সময় উপস্থিত ছিলেন।
অন্য প্রান্তে বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও বিভাগীয় কমিশনার আবু হেনা মুহাম্মদ রহমাতুল মুনিম, জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান এবং বরিশাল জিলা, বালিকা ও কারিগরি শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/১২২৫ ঘ.
bdnews24