২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিলারি-মমতা বৈঠকে তিস্তাও থাকছে’

এশিয়ায় ত্রিদেশীয় সফরের অংশ হিসাবে ভারতে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ে সঙ্গে আলোচনায় বসছেন, যাতে দ্বিপক্ষীয় বিষয়গুলোর সঙ্গে তিস্তা চুক্তির বিষয়টিও থাকতে পারে বলে ভারতীয় টেলিভিশন এনডিটিভি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 04:02 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ায় ত্রিদেশীয় সফরের অংশ হিসাবে ভারতে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ে সঙ্গে আলোচনায় বসছেন, যাতে দ্বিপক্ষীয় বিষয়গুলোর সঙ্গে তিস্তা চুক্তির বিষয়টিও থাকতে পারে বলে ভারতীয় টেলিভিশন এনডিটিভি জানিয়েছে। ঢাকায় প্রায় ২০ ঘণ্টার সফর শেষে রোববার বিকালে কলকাতায় পৌঁছান হিলারি। প্রথম দিনের সন্ধ্যাটা তার কাটে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে, ভিক্টোরিয়া পার্কে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনী দেখে এবং তাজ বেঙ্গলে কাবাব আর কয়েক পদের এশীয় ও ইতালীয় খাবারের স্বাদ নিয়ে। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, হিলারির সফরের তাৎপর্য বিশ্লেষণ করে রোববারই মমতাকে একটি চিঠি দেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল, যার শেষ অনুচ্ছেদে তিনি লেখেন, বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ অংশীদার’ হিসেবে দেখতে চান হিলারি। এনটিভির খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় রাইটার্স ভবনে সোমবার হিলারির সঙ্গে মমতার বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টিও আলোচনায় আসতে পারে। “শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে (হিলারির) বৈঠকের পর কলকাতার বৈঠকেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কথা হবে বলে ধারণা করা হচ্ছে।” গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ই এ চুক্তি হওয়ার কথা থাকলেও মমতার আপত্তির কারণেই শেষ মুহূর্তে তা আটকে যায়। মমতার যুক্তি ছিল, ওই চুক্তি অনুযায়ী পানি বণ্টন হলে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা হবে না। হিলারির পর একই দিনে ঢাকা সফরে এসে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় যেসব বৈঠকে অংশ নিয়েছেন, তাতেও তিস্তা চুক্তির বিষয়টি ফিরে ফিরে এসেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় তিনি আবারো বলেছেন, ভারত শিগগিরই সব চুক্তির বাস্তবায়ন করবে। সরকারি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, হিলারি এক নতুন সিল্ক রুটের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগ্রহী। কাজাখস্তান, তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান, ভারত হয়ে বাংলাদেশ দিয়ে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত হবে এই বাণিজ্যপথ। মমতা তার ‘লুক ইস্ট’ নীতির ভিত্তিতে বাংলাদেশ, মিয়ানমারসহ অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য ইতোমধ্যে ন্যান্সি পাওয়েলের কাছে আগ্রহ প্রকাশ করেছেন বলেও আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কলকাতা সফর শেষে সোমবারই দিল্লি যাবেন হিলারি। সেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৫৫ ঘ.