২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের চোখ গলে আদালতপাড়ায় বিএনপি নেতারা

একদিকে ফটকে পুলিশ ও র‌্যাবের পাহারা, অন্যদিকে সুপ্রিম কোর্টের ভেতরে অনেকের জন্য খাবারের আয়োজন, মশা মারার ওষুধ নেওয়া- সব মিলিয়ে তৈরি হয়েছে নাটকীয় অবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

সুলাইমান নিলয় ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলার আসামি বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থান নিয়েছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। আদালতপাড়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক বিভিন্ন সূত্র উদ্ধৃত করে বলছেন, বুদ্ধ পূর্ণিমার বন্ধের দিন রোববার দুপুরের পর বিএনপি নেতারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। সোমবার তারা হাই কোর্টে মামলায় আগাম জামিনের আবেদন করবেন। বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকন এমপির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির কয়েকজন নেতা এসেছিলেন ওকালতনামা জমা দিতে। “তবে আমার জানা মতে তারা চলে গেছেন,” বলেন তিনি। আদালত এলাকায় বিএনপি নেতাদের ঢোকার খবরে সাংবাদিকরা সেখানে যান। আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর দেখা যায়। সুপ্রিম কোর্টের ফটকেও বসে পুলিশ পাহারা। বিএনপি নেতারা চলে গেছেন বলে মাহবুব দাবি করলেও সুপ্রিম কোর্ট এলাকা থেকে কাউকে বের হতে দেখা যায়নি। বরং ছুটির দিনে রাতেও আদালত প্রাঙ্গণে বিএনপির আইনজীবীদের তৎপরতা এবং খাওয়ার আয়োজন দেখা যায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্ট হচ্ছে বিচারপতি, আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য। তাই বিচারপ্রার্থী কেউ এলে তাতে তারা কোনো অন্যায় করেননি।” বিভিন্ন সূত্র জানাচ্ছে, বিএনপি নেতারা সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ বেশ কয়েকটি পদে বিএনপি সমর্থিতরা রয়েছে। বিকালে ঘুরে বিএনপির শীর্ষ পর্যায়ের এক আইনজীবীর কক্ষের ভেতরে কয়েকজন ব্যক্তির কথা শোনা যায়। ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ভেতরে বাতি জ্বলতে থাকলেও দরজার কড়া নাড়লে ভেতরে কথার শব্দ ও বাতি দুটোই বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, এম কে আনোয়ার, আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব-উন-নবী খান সোহেল, সরফত আলী সপু কয়েকজন আইনজীবীর কক্ষে রয়েছেন। একটি কক্ষে এম কে আনোয়ারকে দেখা গেছে বলে সমিতি সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বারের বিএনপি সমর্থিত আইনজীবীদের নেতা মহসিন মিয়াকে দুটি মশা মারার অ্যারোসোল নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকতে দেখা যায়। এরপর একে একে সুপ্রিম কোর্টে ঢোকেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সভাপতি জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি বোরহান উদ্দিন। রাত ৯টার পর বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবন থেকে খুঁজে খুঁজে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের বের করে দেন, যারা বিকালে সাংবাদিকদের পাশাপাশি ঢুকেছিল। ওই সময় আইনজীবী সমিতি ভবনের মূল ফটকসহ ভিতরের বিভিন্ন ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সব ফটকের দায়িত্বরত দারোয়ানরা জানিয়েছেন, সমিতির সভাপতির নির্দেশেই এটা করা হচ্ছে। সাড়ে ৯টার দিকে পুরাতন হাই কোর্ট ভবনে অবস্থিত কর্মচারী ক্যান্টিন থেকে দুটি বড় হাড়িতে খাবার আনা হয়। পৌনে ১১টার দিকে ওই পাত্রগুলো যখন নিয়ে যাওয়া হয়, তখন সেগুলো খালি ছিল। ওই হাড়ি বহনকারী জানিয়েছেন, ৪০-৪৫ জনের খাবার আনা হয়েছিল। রাত পৌনে ১১টার দিকে নিচ থেকে চেষ্টা চালিয়ে দেখা যায়, ওই ভবনের তৃতীয় তলার একটি টয়লেটে একদল লোক ঢুকেছেন। সেখানে ওজু করার স্থানও রয়েছে, যেখানে অজু করতেও কয়েকজনকে দেখা যায়, তবে চেনা যায়নি। ওই দৃশ্য দেখার সময় বাইরে পাহারায় থাকা কয়েক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে টেনে পেছনে নিয়ে আসেন। তাদের এক জন বলেন, “ভাই ভেতরে না তাকালে আপনার চাকরি যাবে না। কিন্তু কে আছে দেখলেই আমার চাকরি চলে যাবে।” এরপর তৃতীয় তলার ছাদে সদ্য নির্মিত কিউবিকলের (টিনশেড কক্ষ) দিকে এই প্রতিবেদক এগিয়ে গেলে তাকে দেখেই পরপর কয়েকটি কক্ষের দরজা বন্ধ হয়ে যায়। বাইরে থাকা কয়েকজন আইনজীবী এগিয়ে আসেন। তাদের একজন বলেন, “ভাই, বিচার চাইতে তারা আদালতে এসেছেন। একটু দয়া করুন আমাদের প্রতি।” সমিতি ভবনে বিএনপিপন্থী আইনজীবীদের কড়াকড়ি শুরুর পর সুপ্রিম কোর্টের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ি বাড়িয়ে দেয়। রাত সোয়া ১০টার দিকে সুপ্রিম কোর্টের মাজার ফটকে এক গাড়ি র‌্যাব সদস্য এসে সেখানে প্রহরারত পুলিশের সঙ্গে যোগ দেয়। ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের সেখানে দেখা না গেলেও দায়িত্বরতরা বলেছেন, সারা রাত তাদের সেখানে অবস্থান করতে হবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও জানিয়েছেন, সারারাতই থাকবেন তারা। রাত পৌনে ১১টার দিকে মাজার ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে দুই পাশের ছোট ছোট দুটি ফটক খোলা ছিল। এদিকে সমিতি ভবনে রাত ১২টার পর একে একে বিভিন্ন কক্ষের বাতি নিভে যেতে থাকে। ফখরুলসহ বিএনপি নেতারা সমিতি ভবনে রয়েছেন কি না- জানতে চাইলে আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ঢোকার সময় সাংবাদিকদের বলেন, “মির্জা ফখরুলের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি হাই কোর্টে আসেননি। তিনি বাইরে অবস্থান করছেন। অন্য নেতাদের খবর আমি বলতে পারি না।” পরিস্থিতি ‘অনুকূলে’ থাকলে সোমবার ফখরুলসহ শীর্ষ পর্যায়ের বিএনপি নেতারা জামিনের আবেদন জানাবেন বলে তিনি জানান। গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় দুটি মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে মামলা দেয় পুলিশ। এরপর বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার এবং কয়েকজনের বাড়িতে পুলিশের অভিযান হলে অন্য নেতারা আত্মগোপন করেন। তাদের আগাম জামিনের আবেদন হাই কোর্টে দেওয়া হলেও তা নিয়মিত কার্যতালিকায় আনতে পরামর্শ দেওয়া হয়। এদিকে মামলার পর হাই কোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে ফখরুলসহ নেতারা জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে যেতে পারছিলেন না বলে বিএনপি অভিযোগ করে আসছিল। বিএনপি নেতাদের অবস্থানের খবর বিভিন্ন টেলিভিশনে প্রচার হলে বিকালে হাই কোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা তৎপর হয়ে ওঠে। আকস্মিক এই তৎপরতার কারণ কী- জানতে চাইলে বিকালে সেখানে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম কোর্টের স্বাভাবিক পরিস্থিতির কিছুটা ব্যতিক্রম দেখার পর আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।” সুপ্রিম কোর্টের বাইরে থেকে হরতালের মামলার আসামিদের গ্রেপ্তারে নির্দেশনা রয়েছে কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসামিদের তো আমরা খুঁজে বেড়াচ্ছি। তাদের পেলেই গ্রেপ্তার করা হবে।” আদালত থেকে কাউকে গ্রেপ্তার করা হবে কি না- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা নুরুল বলেন, “সুপ্রিম কোর্ট অঙ্গন থেকে সাধারণত কাউকে গ্রেপ্তার করা হয় না।” সুপ্রিম কোর্টের ফটকে কড়া পাহারার কারণে গত বুধ ও বৃহস্পতিবার বিএনপির নেতারা হাই কোর্টে আসতে পারেননি বলে তাদের আইনজীবীদের অভিযোগ। জয়নুল আবেদীন বলেন, “সুপ্রিম কোর্টের গেটে পুলিশ প্রহরা। আসার সময়ও আমাকেও বাধা দেওয়া হয়েছে। আমারই যদি এই অবস্থা হয়। অন্যদের কী হবে?” গত কয়েকদিনে সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তা থাকলেও হিলারি ক্লিনটন ও প্রণব মুখোপাধ্যায়ের মতো ভিভিআইপিদের ঢাকা সফরের সময় তাতে ঢিলেঢালাভাব দেখা যায়। এই সুযোগই বিএনপি নেতারা ব্যবহার করেছেন বলে এক পুলিশ কর্মকর্তা বলেন। এর আগে এক পুলিশ কর্মকর্তাকে হেনস্তা করার মামলায় হাই কোর্টের জামিন পেতে ব্যর্থ হয়ে গত অগাস্টে বিএনপিপন্থী আইনজীবী মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষে অবস্থান নেন। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার হতে হয়নি। বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/এমআই/০১২০ ঘ.