চুয়াডাঙ্গা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে দু’বছর কারাভোগ শেষে রোববার ফিরে এসেছেন দুই বাংলাদেশি।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের হস্তান্তর করে বিজিবির কাছে।
এরা হলেন ঝিনাইদহের মানোরিয়া গ্রামের তাপস বিশ্বাস (২৩) এবং মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের মহিদুল শেখ (২০)।
বিজিবি জানায়, ২০১০ সালে এ দু’জন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত গেলে বিএসএফ’র হাতে আটক হন। পরে ওই দেশের আদালত তাদের দু’বছরের কারাদণ্ড দেয়।
এতদিন তারা নদীয়া জেলার কৃষ্ণনগর কারাগারে আটক ছিলেন।
বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ২টায় দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান ও দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ এসআই জাকির এবং ভারতের পক্ষে বিএসএফ’র গেঁদে কোম্পানি কমান্ডার এসি বিবেক সোহান, পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর অমিত মুখার্জি ও শিশির কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
সীমান্ত এলাকা থেকে দামুড়হুদা পুলিশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮০৬ ঘ.
bdnews24